
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হোসেন আলীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ফুলকোচা এলাকায় অভিযান চালিয়ে মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে থেকে ৮৩ পিস ইয়াবাসহ হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমান তালুকদার।
শনিবার সকালে তাঁর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে শনিবার (১৭ অক্টোবর) রাতে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল হক ও সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে হোসেন আলীকে দলীয় সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান বলেন, দলের নাম ব্যবহার করে কেউ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার দায় দল নেবে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হোসেন আলীকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে।