
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)।
শনিবার (১৩ জুন) সেতাবগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— ভররা থেকে মালিপাড়া রেলঘুন্টি পর্যন্ত সড়ক উন্নয়ন, উপজেলা রোড চারতলা ভবন থেকে শহীদ এনামুল হক শাহ সড়ক হয়ে বালাপুকুর মুন্সিপাড়া পর্যন্ত রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণ এবং স্কুলরোড থেকে থানাপাড়া পর্যন্ত অবকাঠামো উন্নয়ন কাজ।
এসময় এমপি পিনাক চৌধুরী বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই দিনে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিডব্যাক ও সেমি অটো এনালাইজার মেশিন হস্তান্তর করা হয়। পরে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষতিগ্রস্ত বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়াম ও অধ্যক্ষ আব্দুর রশিদ গণগ্রন্থাগার পরিদর্শন করেন এমপি পিনাক চৌধুরী।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদরুল পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন ও মো. হারেসুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আসাদুল হক চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও একইদিনে উপজেলার ৮০ জন দুস্থ, গরিব, অসুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে নগদ ৪ লাখ টাকা বিতরণ করা হয়।
পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন এমপি পিনাক চৌধুরী।