
অটোরিকশার সূত্র ধরে তদন্ত, জিজ্ঞাসাবাদে একজন; হত্যার রহস্য উদঘাটনে পুলিশের অভিযান
রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটক্ষেত থেকে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সূত্র ধরে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া তিনটি স্যান্ডেলসহ বিভিন্ন আলামত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত প্রায় ১২টার দিকে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা গোলাই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাকিবুল ইসলাম (১৭) মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রহমত ওরফে টুলু। সাকিবুল পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নবগ্রাম কাশতা গোলাই এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালায়। একপর্যায়ে পাশের একটি পাটক্ষেত থেকে সাকিবুলের মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রথমে অটোরিকশার সূত্র ধরে তদন্ত শুরু করা হয়। পরে নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া তিনটি স্যান্ডেল ও অন্যান্য আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে।”
তিনি আরও বলেন, “হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে স্বপন (২২) নামে এক ফার্নিচার ডিজাইনারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এদিকে বুধবার দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার সারওয়ার আলম ও অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের নির্দেশনা দেন।
#সিংগাইর #মানিকগঞ্জ #হত্যাকাণ্ড #অটোরিকশাচালক #ক্রাইমনিউজ #বাংলাদেশনিউজ #BreakingNews #NewsUpdate