
রিপন মিয়া ,সিংগাইর(মানিকগঞ্জ) ।। ‘উন্নত পল্লী,সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবসটি পালিত হয়।
সোমবার ( ৬ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর একটি র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিংগাইর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ও ফিল্ড অর্গানাইজার রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও খায়রুন্নাহার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সরকারি কমিশনার (ভূমি)মো. হাবেল উদ্দিন,যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আব্দুল ছালেক ও ইউসিসিএ’র সভাপতি আখতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সনাজ সেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল, ভোরের কাগজ পত্রিকার সিংগাইর প্রতিনিধি মাসুম বাদশাহ ও নয়াদিগন্ত সংবাদদাতা মো.সোহরাব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পল্লী উন্নয়নকে অবহেলা করে জাতীয় উন্নয়ন সম্ভব নয়।এর ক্ষুদ্র ঋণ কার্যক্রম গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। ৬৮ হাজার গ্রামকে পিছিয়ে রেখে উন্নত বাংলাদেশ চিন্তা করা যাবে না। গ্রামীন অবকাঠামোর উন্নয়ন,কৃষির আধুনিকায়ন,দারিদ্র্য বিমোচন,নারীর ক্ষমতায়ন ও সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করছে। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্ত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে বিআরডিবি সমিতির ৩৭ জন সদস্যের মাঝে ২৮ লাখ পনের হাজার টাকার ঋণের চেক ,৮ জনকে ক্রেস্ট এবং ১০০ জনের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।