
মাহাবুবুল ইসলাম, মাদারীপুর সদর প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস-২০২৬। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়।
দিনের শুরুতে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের মুক্তিযুদ্ধের শহীদদের মতোই আজীবন সম্মান করা হবে। তাদের পরিবারকে সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থাও করা হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।