
গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম বাগভান্ডার এলাকার খয়বর মোড়–বেলতলা ৬ নম্বর ওয়ার্ডের প্রধান সড়কটি অতি বৃষ্টির কারণে ভেঙে গিয়ে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। এতে এলাকার প্রায় ২০০ থেকে ৩০০ পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি ভেঙে যাওয়ার পর দীর্ঘ সময়েও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী নিজস্ব অর্থায়নে একটি অস্থায়ী বাঁশের সাঁকু নির্মাণ করেন। বর্তমানে ওই ঝুঁকিপূর্ণ সাঁকু দিয়েই নারী, শিশু, বৃদ্ধ, শিক্ষার্থীসহ শত শত মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অস্থায়ী সাঁকুটি অত্যন্ত নড়বড়ে হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বৃষ্টি হলে সাঁকুটি আরও পিচ্ছিল হয়ে পড়ে, ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনও কঠিন হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত স্থায়ীভাবে সড়কটি সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।