বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

এইডেড হাই স্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

“যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে, তবেই অর্থনৈতিক ভিত্তি হবে আরও শক্তিশালী — সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী”

আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ দেশের বিপুল যুবশক্তি। এই জনশক্তিকে দক্ষ, শিক্ষিত ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং উন্নয়নের গতি বহুগুণ বৃদ্ধি পাবে।

বুধবার (২৯ জুলাই) সকালে সিলেটের দি এইডেড হাই স্কুল প্রাঙ্গণে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুবশক্তিকে কার্যকরভাবে কাজে লাগাতে হলে তাদের যুগোপযোগী, মানসম্মত ও বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে। শুধু সনদনির্ভর শিক্ষা নয়, দক্ষতা ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে।

সিসিক প্রশাসক আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহ এবং কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে দেশের তরুণদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এতে তারা নিজেদের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি উন্নত জাতি গঠনের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী বদরুজ্জামান সেলিম। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমসের আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেইন, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন, সাবেক কাউন্সিলর জামাল আহমদ এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দীপাল কুমার সিংহ।

অনুষ্ঠানের শুরুতে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ সমাজসেবক মাহিউদ্দিন সেলিমের আর্থিক সহযোগিতায় নির্মিতব্য বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুদ্ধ পানির সংকট, খেলার মাঠ ও প্লে-জোনের অভাব, অভ্যন্তরীণ সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন। জবাবে সিসিক প্রশাসক এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে মুহিবুর রহমান একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। ব্যবসায়ী নেতা নিয়াজ মোহাম্মদ আজিজুল করিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews