
রিপন মিয়া,সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি ।।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, চুরি, কিশোর অপরাধ, সড়ক নিরাপত্তা, অবৈধ দখল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনের ডিজিএম মো. গোলাম রাব্বানী, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সফিউদ্দিন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, আনসার ও ভিডিপির ইনচার্জ সুশান্ত মোদক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মো. আশরাফ আলী, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিক এবং সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ-এর প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার রোধ, চুরি ও ছিনতাই প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা হ্রাস, সরকারি জমি ও খাল-নদী দখল প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। তারা মাদক ও কিশোর অপরাধ দমনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকেও আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সবসময় সতর্ক রয়েছে। জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সকল বিভাগকে আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।
পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভার কার্যক্রম শেষ হয়।