
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বুধবার (৫ আগস্ট) শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি মিলনায়তন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বেলাল হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল বিন হোসেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জাতীয় ঐক্য সুসংহত করার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, শহীদদের আদর্শকে ধারণ করে আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অব্যাহত উন্নতি কামনা করা হয়।