
সরওয়ার কামাল | স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও পুলিশের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।