
মোঃ শরিফুল ইসলাম, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের পৃথক অভিযানে ১৪৪ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন এবং অনলাইন জুয়াচক্রে ব্যবহৃত তিনটি স্মার্টফোনসহ চারজনকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
১৬ ও ১৭ আগস্ট ২০২৬ রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
১৬ আগস্ট রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে তালতলা এলাকার বিসিক বাসস্ট্যান্ড ও সংলগ্ন একটি মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এসআই (নিঃ) মো. এরশাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
এ সময় পালানোর চেষ্টা করলে মো. শিহাব হোসেন (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর (বড়বাড়ী মসজিদ) এলাকার মো. সরোয়ার হোসেনের ছেলে।
পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৪ দশমিক ০৪ গ্রাম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা করা হয়েছে।
১৭ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কান্দাপাড়া শক্তি ফাউন্ডেশন, শাহজাদপুর শাখার সামনে অভিযান চালিয়ে অনলাইন জুয়াচক্রে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—দ্বারিয়াপুর লম্বাপাড়া এলাকার মো. তারা মিয়ার ছেলে মো. রকি (২৪) এবং কান্দাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে মো. সবুজ শেখ (২৩)।
এসআই (নিঃ) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় আরও ১০ থেকে ১২ জন জুয়াড়ি পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে Samsung Galaxy S23 Ultra, iPhone 17 Pro Max ও Redmi Note 13—এই তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। ফোনগুলোতে 1xBet ও Kg999-সহ বিভিন্ন ভার্চুয়াল বেটিং ও ক্যাসিনো অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন জুয়া ও লেনদেনের আলামত এবং স্ক্রিনশট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা করা হয়েছে।
এদিকে ১৬ আগস্ট রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে দিঘুরুলিয়া বাসস্ট্যান্ড ও দ্বারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নারী হলেন—দ্বারিয়াপুর বাজারপাড়া এলাকার মো. শরীফ শেখের স্ত্রী মোছা. খোদেজা বেগম খোদে (৫০)।
এসআই (নিঃ) মোহাম্মদ এরফাজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, মোছা. আজমী খাতুনের সহায়তায় তার দেহ তল্লাশি করে একটি প্যাকেট থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় মামলা করা হয়েছে। পুলিশের দাবি, খোদেজা বেগমের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদক ও অবৈধ জুয়ামুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিয়মিত টহল ও নজরদারিও চলবে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।