
মানিকগঞ্জ প্রতিনিধি: মো. ফরিদ হোসেন
মানিকগঞ্জে গ্যারেজের তালা ভেঙে চুরি হওয়া একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রাসেল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রাসেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে। পিবিআই জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পিবিআই সূত্রে জানা যায়, সদর উপজেলার বেতিলা এলাকার বাসিন্দা মো. মহসিন মিয়া তাঁর মালিকানাধীন টয়োটা প্রিমিও গাড়িটি গত ২২ আগস্ট রাতে গ্যারেজে রেখে বাসায় চলে যান। পরদিন সকালে গ্যারেজে গিয়ে তিনি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। একই সঙ্গে গ্যারেজে রাখা গাড়িটিও পাওয়া যায়নি।
পরে তিনি বিষয়টি মানিকগঞ্জ সদর থানায় জানান। অভিযোগের ভিত্তিতে পিবিআই মানিকগঞ্জ ঘটনাটির তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পিবিআই। অভিযানে ২৩ আগস্ট দুপুরে ঢাকার ধামরাই উপজেলার জয়পাড়া এলাকার বটতলা মন্দিরসংলগ্ন এলাকা থেকে চুরি হওয়া টয়োটা প্রিমিও গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী, পিপিএম জানান, চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দায়ের করা মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।