
মোঃ মানিক মিয়া ।। স্টাফ রিপোর্টাফ
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে সিরাজুন্নবী (সা.) উদযাপনের অংশ হিসেবে নারায়ণগঞ্জে জমকালো ‘নাতে রাসুল (সা.) সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (২৬ আগস্ট) ২০২৬, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ নাতে রাসুল (সা.) সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আবদুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য ও আলোচনা পেশ করেন নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা মো. আবদুল জব্বার।
এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সি মামুন, অ্যাডভোকেট তাজিকুল ইসলাম দিপু, হাফেজ আবু সাইদ, আব্দুর রউফ, জহিরুল ইসলাম ও নজরুল ইসলাম আইনী।
সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মনোমুগ্ধকর হামদ, নাত ও ইসলামী সংগীত পরিবেশন করেন। উল্লেখযোগ্য পরিবেশনা ছিল ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ (নারায়ণগঞ্জ), কলরব সাংস্কৃতিক সংসদ (নারায়ণগঞ্জ মহানগরী), শীতলক্ষ্যা সাহিত্য সাংস্কৃতিক সংসদ (নারায়ণগঞ্জ) এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ (নারায়ণগঞ্জ মহানগরী)। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের স্থানীয় শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ইসলামী শিল্প-সংস্কৃতির চর্চার মাধ্যমে সমাজ থেকে অপসংস্কৃতি দূর করার আহ্বান জানান তারা।
সর্বস্তরের তৌহিদী জনতা ও শ্রমজীবী মানুষ বিপুল আগ্রহ ও উৎসাহের সঙ্গে নাতে রাসুল (সা.) সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান উপভোগ করেন।