মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

কৃষিপণ্য সংরক্ষণে কালাইয়ে চালু হলো সৌরবিদ্যুৎচালিত ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬

জয়পুরহাট প্রতিনিধি।।আব্দুল কাদের

জয়পুরহাটের কালাইয়ে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সৌরবিদ্যুৎচালিত ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’ উদ্বোধন করা হয়েছে। কৃষিপণ্য সংরক্ষণের আধুনিক এ সুবিধা চালুর ফলে স্থানীয় কৃষকরা উৎপাদিত শাকসবজি ও ফলমূল সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারজাত করার সুযোগ পাবেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার কালাই হাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ‘হাইব্রিড সোলার অপারেটেড’ ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী, ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী, আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন এবং কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনূর রশিদ।

এ ছাড়া অনুষ্ঠানে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকারসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকায় অনেক সময় তারা বাধ্য হয়ে কম দামে পণ্য বিক্রি করেন। বিশেষ করে শাকসবজি ও ফলমূলের মতো পচনশীল কৃষিপণ্য সময়মতো বিক্রি করতে না পারলে তা নষ্ট হয়ে যায়। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্যের একটি বড় অংশ অপচয়ের শিকার হয়।

নতুন এ ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালুর ফলে কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি ও ফলমূল নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। পরে বাজারে দাম ভালো থাকলে সুবিধাজনক সময়ে এসব পণ্য বিক্রি করার সুযোগ পাবেন তারা। এতে একদিকে যেমন কৃষিপণ্যের অপচয় কমবে, অন্যদিকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।

কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের সুবিধা নিশ্চিত করতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে এ ধরনের মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হচ্ছে। সমবায়ভিত্তিক ব্যবস্থাপনায় স্থানীয় ১৫ থেকে ২০ জন কৃষক মিলে এ মিনি কোল্ড স্টোরেজ পরিচালনা করবেন।

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনূর রশিদ বলেন, “ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ বর্তমান সরকারের একটি প্রণোদনা কার্যক্রমের অংশ। এর প্রধান উদ্দেশ্য হলো কৃষকরা যাতে উৎপাদিত শাকসবজি ও ফলমূলের ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করা। কৃষকরা পণ্যভেদে দুই দিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত এখানে শাকসবজি ও ফলমূল সংরক্ষণ করতে পারবেন। পরে সুবিধাজনক সময়ে বিক্রি করে তারা ন্যায্যমূল্য পাবেন।”

তিনি আরও বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে কোল্ড স্টোরেজটি পরিচালনায় জ্বালানি ও বিদ্যুৎ ব্যয়ের চাপ তুলনামূলকভাবে কম থাকবে। ফলে স্থানীয় কৃষকদের জন্য এটি দীর্ঘমেয়াদে কার্যকর ও টেকসই একটি উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে।

স্থানীয় কৃষকরা আশা করছেন, মিনি কোল্ড স্টোরেজ চালুর মাধ্যমে উৎপাদিত পণ্য সংরক্ষণের সমস্যা অনেকটাই কমবে। পাশাপাশি বাজারে কৃষিপণ্যের সরবরাহ ও মূল্য ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে এবং কৃষকরা তাদের শ্রম ও উৎপাদনের যথাযথ মূল্য পাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews