
সরওয়ার কামাল।। স্টাফ রিপোর্টার
বান্দরবানের আলীকদমে অপ্রাপ্তবয়স্ক এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল হাকিম (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আলীকদম থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ভুক্তভোগী কিশোরীর মা ইয়াছমিন আক্তার আলীকদম থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে ১৪ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আলীকদম থানায় মামলা নম্বর-০৪ রুজু করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার এজাহারে আসামি আব্দুল হাকিমের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক ওই স্কুলছাত্রীকে প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আব্দুল হাকিম ও ভুক্তভোগী কিশোরী একই গ্রামের পাশাপাশি বাড়িতে বসবাস করতেন। অভিযোগ অনুযায়ী, প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময় ওই কিশোরীকে নিয়ে হাকিমের চলে যাওয়ার ঘটনাও ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ৩১ জুলাই রাতে ভুক্তভোগীর মা তার ছোট ছেলেকে চিকিৎসার জন্য চকরিয়া নিয়ে যাওয়ার পর বাড়িতে ফিরে মেয়েকে আব্দুল হাকিমের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের উপস্থিতিতে আসামির পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।
পরবর্তীতে আসামির পরিবার নানা টালবাহানা শুরু করে এবং আব্দুল হাকিম আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে আসামির পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেলে ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আব্দুল হাকিমকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।