
মো. ফরিদ হোসেন।। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সরকারি অ্যাম্বুলেন্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা এবং জব্দ করা সরকারি অ্যাম্বুলেন্সটির মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ সদর থানার বেউথা মোড় এলাকায় মানিকগঞ্জ-সিংগাইর পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বস্তী এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার মৃত খন্দকার শরিফ উদ্দিনের ছেলে খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০) এবং হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটি এলাকার আবুল কাশেমের ছেলে রেজাউল করিম খান মিলন (৪১)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো-এর তত্ত্বাবধানে এবং এসআই অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সরকারি অ্যাম্বুলেন্স জব্দ করে ডিবি পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, সরকারি অ্যাম্বুলেন্সটি মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছিল। তবে অ্যাম্বুলেন্সটি কোন সরকারি প্রতিষ্ঠানের এবং কীভাবে সেটি মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ডিবি পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত সরকারি অ্যাম্বুলেন্সটির আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জেলা গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।