সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক উন্নয়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নিজ গ্রামবাসীদের সাথে মতবিনিময় সভা করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও পোরজনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল হাসান বাবু।
সভায় তিনি গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, জরাজীর্ণ রাস্তাঘাট এবং যুব সমাজের কর্মসংস্থান নিয়ে স্থানীয়দের বক্তব্য শোনেন। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মনোনয়ন চান রফিকুল হাসান বাবু
বক্তব্যে রফিকুল হাসান বাবু বলেন, “জনগণই ক্ষমতার উৎস। ২০২০ সালে প্রতিকূল পরিস্থিতিতে যখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হওয়ার মতো কেউ ছিল না, তখন দলীয় সিদ্ধান্ত মাথায় নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। বর্তমানে দলীয় অবস্থান সুদৃঢ় হওয়ায় অনেক নতুন প্রার্থী দেখা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “উপজেলা নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিতের কাছে আবেদন—২০২০ সালের মতো এবারও দল আমার ওপর আস্থা রাখবে। ইনশাআল্লাহ, আজীবন পোরজনা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই।”
গ্রামবাসীর আকুল আবেদন
মতবিনিময়কালে গ্রামের সাধারণ মানুষ দীর্ঘদিনের রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার দাবি তুলে ধরেন।
গ্রামবাসীরা জানান, ২০২০ সালে নানা ভয়-ভীতি উপেক্ষা করে রফিকুল হাসান বাবু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। তিনি একজন সৎ ও যোগ্য প্রার্থী। তাই আসন্ন নির্বাচনে তাকে বিএনপি থেকে পুনরায় মনোনীত করতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিতের কাছে জোর দাবি জানান তারা।
মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, প্রবীণ নাগরিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।