সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

সিংগাইরে একাধিক মামলার আসামি ‘ইয়াবা হুমায়ুন’ ফের গ্রেপ্তার

-
রিপন মিয়া | সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইরে একাধিক মামলার আসামি ও স্থানীয়ভাবে ‘ইয়াবা হুমায়ুন’ নামে পরিচিত হুমায়ুন (৪০) নামে এক ব্যক্তিকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সাংবাদিক ও পুলিশের ওপর হামলা, বিস্ফোরকদ্রব্য-সংক্রান্ত মামলা, পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হুমায়ুন উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত গাদুর ছেলে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে ধল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (৩০ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

বিস্ফোরক মামলায় সম্পৃক্ততার তথ্য

পুলিশের ভাষ্য, সিংগাইরের প্যারামাউন্টের সামনে সংঘটিত বিস্ফোরকদ্রব্য-সংক্রান্ত একটি মামলার তদন্তে হুমায়ুনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে।

থানা ও মামলার নথি-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংবাদ প্রকাশের জের ধরে ২০২৫ সালের ১৫ এপ্রিল দৈনিক ভোরের কাগজের সিংগাইর প্রতিনিধি ও দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার মাসুম বাদশাহের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ এপ্রিল সিংগাইর থানায় মামলা নম্বর ২৭ দায়ের করা হয়। ওই মামলায় হুমায়ুন চার্জশিটভুক্ত আসামি বলে জানা গেছে।

এর কয়েকদিন পর সিংগাইর থানার তৎকালীন সেকেন্ড অফিসার এসআই পার্থ শেখর ঘোষসহ দুই পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এসআই পার্থ শেখর ঘোষ বাদী হয়ে সিংগাইর থানায় মামলা নম্বর ২৯ দায়ের করেন। ওই মামলাতেও হুমায়ুন আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

এ ছাড়া ধল্লা পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলাতেও হুমায়ুন আসামি বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন মামলায় এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সব মিলিয়ে তার বিরুদ্ধে প্রায় অর্ধডজন মামলা চলমান রয়েছে।

রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয়দের অভিযোগ

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হুমায়ুনের পরিবারের সদস্যরা রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছেন। তার বোন সালেহা জাহান জেলা যুব মহিলা লীগের নেত্রী ছিলেন বলেও স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রের দাবি, সরকার পরিবর্তনের পর পরিবারের রাজনৈতিক অবস্থানেও পরিবর্তন আসে। এরপর বিএনপির কয়েকজন নেতার সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে হুমায়ুন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ ওঠে।

তবে এসব রাজনৈতিক ও সামাজিক অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

গ্রেপ্তারের পর তদবিরের অভিযোগ

হুমায়ুন গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে বিএনপির কয়েকজন নেতার পক্ষ থেকে তদবির এবং পুলিশের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের বক্তব্য

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, “হুমায়ুনের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। মামলাগুলোর তদন্তে তার সম্পৃক্ততার বিষয়ে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলোর ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, হুমায়ুনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews