
মানিকগঞ্জের শিবালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল— ‘করব কাজ, গড়বো দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ’।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিবালয় উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি, আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে শিবালয় উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
পরে বেলা পৌনে ১২টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আরিচা ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
পরে বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, কৃষকদল সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, যুবদলের আহ্বায়ক হোসেন আলী, সদস্য সচিব সোহেল রানা এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া শিবালয় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালি ও আলোচনা সভায় অংশ নেন।