
খেলাফত মজলিশের নাগরিক সমাবেশে সরকারের সমালোচনা, ৫ সেপ্টেম্বর লং মার্চে অংশ নেওয়ার আহ্বান
৩ সেপ্টেম্বর ২০২৬
বান্দরবানের লামায় বাংলাদেশ খেলাফত মজলিশের নাগরিক সমাবেশে গণভোট বাস্তবায়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে জোরালো বক্তব্য দিয়েছেন সংগঠনটির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে লামা পৌর বাস টার্মিনালে আয়োজিত এ সমাবেশে তিনি দেশের চলমান সংকট ও জনদুর্ভোগ নিয়ে সরকারের সমালোচনা করেন। তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
জনগণের দাবি আদায়ে মাঠের কর্মসূচি ও আন্দোলন আরও শক্তিশালী করার আহ্বান জানান খেলাফত মজলিশের এই নেতা। একই সঙ্গে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত ঘোষিত লং মার্চ কর্মসূচি সফল করতে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।
বাংলাদেশ খেলাফত মজলিশ বান্দরবান দক্ষিণ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মোহাম্মদ আবু তৈয়্যব হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মো. ইব্রাহিম এবং এনসিপির আহ্বায়ক নাজমুল হাসান। তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনস্বার্থ ও নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানের আহ্বায়ক ও সঞ্চালক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ বান্দরবান দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা শফিকুর রহমান আজাদ।
‘ধর্ম, বর্ণ, ভিন্নমত—সবার জন্য খেলাফত’সহ বিভিন্ন স্লোগানে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে। নাত ও গজল পরিবেশনের পাশাপাশি লামার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পৌর বাস টার্মিনাল এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশের শেষ পর্যায়ে বক্তারা দেশের সংকট নিরসন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও গণভোট বাস্তবায়নের দাবিতে নিজেদের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে ঘোষিত কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেন তারা।