
নীলফামারীর সৈয়দপুরে প্রতারণার শিকার হয়ে জীবিকার একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যান হারানো ১৪ বছর বয়সী কিশোর রেজওয়ান ইসলামের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন’ (আইএইচএফ)। মানবিক এ ঘটনাটি নিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘জুফাস নিউজ’-এ প্রতিবেদন প্রকাশের পর রেজওয়ানের জন্য নতুন ব্যাটারিচালিত ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে তার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে আইএইচএফ।
সম্প্রতি সৈয়দপুর শহরে এক ব্যক্তি পান কিনে আনার কথা বলে রেজওয়ানকে দোকানে পাঠান। এ সুযোগে ওই ব্যক্তি রেজওয়ানের জীবিকার একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যান। ভ্যানটি হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে রেজওয়ান ও তার পরিবার।
ঘটনাটি নিয়ে ‘জুফাস নিউজ’-এ গুরুত্বের সঙ্গে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নজরে আসে।
সংবাদ প্রকাশের পর সৈয়দপুর উপজেলা প্রশাসন ও ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন রেজওয়ানের সহায়তায় এগিয়ে আসে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে রেজওয়ানের হাতে নতুন ব্যাটারিচালিত ভ্যান তুলে দেওয়া হয়।
পরিবারের উপার্জনের পথ সচল রাখতেই তাকে ভ্যানটি দেওয়া হয়েছে। পাশাপাশি কিশোর বয়সে উপার্জনের চাপে যাতে রেজওয়ানের পড়াশোনা বন্ধ না হয়ে যায়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আইএইচএফ তার পড়াশোনার যাবতীয় খরচ বহনের দায়িত্ব গ্রহণ করেছে।
ভ্যান হস্তান্তরের সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, ‘জুফাস নিউজ’-এর প্রতিনিধিবৃন্দ এবং ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা ‘জুফাস নিউজ’-এর বস্তুনিষ্ঠ ও মানবিক সংবাদ পরিবেশনের প্রশংসা করেন। তারা বলেন, গণমাধ্যমের এমন ইতিবাচক ও মানবিক ভূমিকা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি করে এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবিক কাজে উৎসাহিত করে।
নতুন ভ্যান পেয়ে পরিবারের উপার্জনের পথ ফিরে পাওয়ার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় রেজওয়ান ও তার পরিবার ‘জুফাস নিউজ’, সৈয়দপুর উপজেলা প্রশাসন এবং ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
রেজওয়ানের জীবনের এই পরিবর্তন যেন আবারও প্রমাণ করল—একটি মানবিক সংবাদ শুধু খবর প্রকাশেই সীমাবদ্ধ থাকে না, কখনো কখনো তা বদলে দিতে পারে একটি মানুষের জীবন ও ভবিষ্যতের স্বপ্ন।