
জয়পুরহাটের পাঁচবিবিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) পাঁচবিবি কেন্দ্রীয় বারোয়ারী মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি বাবু পরমেশ্বর মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সুনীল রায় (অব.)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক সুদর্শন সরকার ও বাবু নিশিপদ দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জীবনকৃষ্ণ সরকার (বাপ্পী)।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, থানার অফিসার ইনচার্জ মো. তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক মো. আঃ হান্নান চৌধুরী, জেলা কৃষকদলের সদস্যসচিব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক ছাত্রদল নেতা মো. শামীম হোসেন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পাঁচবিবি উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তির প্রত্যাশায় আয়োজিত জন্মাষ্টমীর অনুষ্ঠানে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশগ্রহণ করেন।