
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান ‘সিডস অব সাদাকাহ’-এর উদ্যোগে চারটি অসহায় ও গৃহহীন পরিবারের মাঝে নবনির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে। সংগঠনটির শেল্টার প্রজেক্টের আওতায় নির্মিত এসব ঘর পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন অসহায় পরিবারগুলোর সদস্যরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের মান্দাবাজ গ্রামে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সিডস অব সাদাকাহ’র শেল্টার প্রজেক্টের ৪৭৮, ৪৮০, ৪৮২ ও ৫০৪ নম্বর ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে নবনির্মিত ঘরগুলোর উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী সিডস অব সাদাকাহ’র মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে।
তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী, সমাজসেবী জুয়েল আহমেদ, ব্যবসায়ী মোক্তার হোসাইন, মাওলানা মোসাহিদ আলী, হাফিজ জামাল উদ্দিন, খালেদ আহমেদ মাসুম, আনোয়ার হোসাইন, শাহজাহান, সাব্বির আহমেদ এবং সিডস অব সাদাকাহ’র প্রকল্প সুপারভাইজার হাবিবুর রহমান আবিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্থানীয় বাসিন্দা ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সিডস অব সাদাকাহ’র এমন উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, একটি নিরাপদ ঘর শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, বরং একটি পরিবারের জন্য নিরাপত্তা, মর্যাদা ও ভবিষ্যতের স্বপ্ন দেখার সুযোগ তৈরি করে দেয়।
নবনির্মিত ঘর পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা সিডস অব সাদাকাহ’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
স্থানীয় বাসিন্দারাও এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের অসহায় ও গৃহহীন মানুষের জন্য এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও সিডস অব সাদাকাহ’র এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মানবিক সহায়তার মাধ্যমে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সিডস অব সাদাকাহ’র এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।