
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্লাবের উদ্যোগে আয়োজিত ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে সুরমা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুশিয়ারা দল।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চারটি দল—খোয়াই, কুশিয়ারা, কালনী ও সুরমা—অংশ নেয়।
এর আগে সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষক ও কর্মকর্তাদের মানসিক ও শারীরিক সক্ষমতা বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফিটনেস ধরে রাখা জরুরি। বিশ্ববিদ্যালয় ক্লাবের এ ধরনের আয়োজন ক্যাম্পাসের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও আন্তঃসম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।