
জয়পুরহাটের পাঁচবিবিতে নাছির মণ্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কের দুই পাশে দীর্ঘ সময় ধরে গরুবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ পথচারীরা। সড়কের দুই পাশে যত্রতত্র গাড়ি রাখার কারণে রাস্তার প্রশস্ততা কমে গিয়ে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যান চলাচলে প্রতিবন্ধকতা। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, পাঁচবিবি নাছির মণ্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে বেশ কয়েকটি গরুবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে। কোনো কোনো ট্রাক দীর্ঘ সময় ধরে সড়কের পাশে অবস্থান করায় যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। এর মধ্যেই শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে। বড় যানবাহন চলাচলের সময় অনেক শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে রাস্তার পাশ দিয়ে চলাচল করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি মঙ্গলবার পাঁচবিবিতে গরুর হাট বসে। এ উপলক্ষে হাটে গরু নিয়ে আসতে দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক ট্রাক ও অন্যান্য যানবাহন পাঁচবিবিতে আসে। তবে এসব যানবাহন রাখার জন্য পর্যাপ্ত ও নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকায় চালকরা বাধ্য হয়ে সড়কের দুই পাশে এবং বিভিন্ন স্থানে গাড়ি পার্কিং করে রাখেন। ফলে হাটের দিনগুলোতে যানজট ও জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
বিশেষ করে নাছির মণ্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের পাশে গরুবাহী ট্রাক পার্কিং করায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরাও সমস্যায় পড়ছেন। বিদ্যালয়ে যাওয়ার সময় এবং ছুটির পর শিক্ষার্থীদের চলাচলের সময় সড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, সড়কের পাশে বড় বড় ট্রাক দাঁড়িয়ে থাকায় অনেক সময় রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যা হয়। সামনে থেকে কোনো যানবাহন এলে ট্রাকের পাশ দিয়ে যাওয়ার সময় আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে।
স্থানীয় পথচারীরাও জানান, গরুর হাটকে কেন্দ্র করে সড়কের ওপর এভাবে যানবাহন পার্কিং দীর্ঘদিনের সমস্যা। এতে শুধু শিক্ষার্থীরাই নয়, সাধারণ মানুষ ও অন্যান্য যানবাহনের চালকরাও দুর্ভোগে পড়েন। সড়কের পাশে নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় হাটের দিন পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, গরুর হাটে আসা যানবাহনের জন্য নির্দিষ্ট স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করা হলে সড়কের ওপর গাড়ি রাখার প্রবণতা কমবে। একই সঙ্গে বিদ্যালয়ের সামনে যানবাহন পার্কিং বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিদ্যালয়ের সামনের সড়কটি যানবাহন পার্কিংমুক্ত রাখারও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ের সামনে সড়কের দুই পাশে অবৈধ ও যত্রতত্র পার্কিং বন্ধ করা গেলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয়রা।