
নাটোরের লালপুর উপজেলায় গ্যাস ট্যাবলেট সেবন করে রশুনা বেগম (৪১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রশুনা বেগম উপজেলার পাইকপাড়া গ্রামের মো. আলী ইমামের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে রশুনা বেগম গ্যাস ট্যাবলেট সেবন করেন। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করেন।
পরে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে রওনা হন। পথে লালপুর থানার অট্টিকা জামতলা এলাকায় পৌঁছালে রশুনা বেগমের মৃত্যু হয়।
এ বিষয়ে লালপুর থানার পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর সংবাদ পাওয়ার পর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।