
চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা শিক্ষা অনুদান দেওয়া হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের চাঁদপুর ও বাংলাদেশের নেতৃত্ব দেবে। অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সম্ভাবনাকে বিকশিত করতে এ ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা অনুদান শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার একটি অনুপ্রেরণার হাত।
শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দক্ষ, শিক্ষিত ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার কোনো বিকল্প নেই। মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং তারা ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; তাদের সৎ, মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। এ জন্য পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্ব দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে শিক্ষা অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
শিক্ষা অনুদান পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানায়, পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এই আর্থিক সহায়তা তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগাবে।