
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের হাতে আটক হওয়ার পর হাতকড়া পরা অবস্থায় রেনু মিয়া নামে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাধবদী গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। পরে তাকে হাতকড়া পরানো হয়। একপর্যায়ে পুলিশের হেফাজত থেকে কৌশলে হাতকড়া নিয়েই তিনি পালিয়ে যান।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় একজনের পালিয়ে যাওয়ার ঘটনায় বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া রেনু মিয়াকে পুনরায় গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তাকে আটকের পাশাপাশি কীভাবে তিনি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেলেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।