
কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা ইসলামি মার্কেটের সামনে নির্মাণাধীন সামাদ প্লাজায় রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাব্বির (২৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে সামাদ প্লাজার নির্মাণকাজে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ভবনের ওপরের অংশে লোহার রড টেনে তোলার কাজ চলছিল। একপর্যায়ে রডটি ভবনের বাইরে থাকা একটি এসির বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর আশপাশের লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিককে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুর্শেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণকাজের সময় ব্যবহৃত লোহার রড ভবনের বাইরে থাকা এসির বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে আসায় দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় বাসিন্দা মো. রুহুল আমিন বলেন, নির্মাণকাজ শুরুর আগে ভবনের বৈদ্যুতিক সংযোগ ও আশপাশের ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিরাপদ করা প্রয়োজন ছিল। সামান্য অসতর্কতায় একই সঙ্গে দুই শ্রমিকের প্রাণ গেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।