
মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার এবং ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি রিপন নাগ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী নাহিদ ইভা, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পর্যটন একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ খাত। পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থার সুবিধা, নিরাপত্তা এবং পর্যাপ্ত প্রচার-প্রচারণা নিশ্চিত করা গেলে পর্যটন খাত আরও বিকশিত হতে পারে।
বক্তারা মানিকগঞ্জের ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও প্রাকৃতিক পর্যটনকেন্দ্রগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। জেলার বিভিন্ন দর্শনীয় স্থানকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে পরিচিত করে তুলতে প্রচার-প্রচারণা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এ সময় বক্তারা আরও বলেন, মানিকগঞ্জে রয়েছে ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন স্থান। এসব পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে।
বিশ্ব পর্যটন দিবসের এ আয়োজনের মাধ্যমে জেলার পর্যটন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা ও সমন্বয় আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।