
জয়পুরহাটের হাকিমপুর উপজেলার হিলিতে যৌথ তল্লাশি অভিযান চালিয়ে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব সিরাপের সিজার মূল্য প্রায় ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, হিলি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২৮৫/১১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি পোস্ট অফিস রোডের শান্তির মোড় এলাকায় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও মাদকদ্রব্য মজুতের তথ্য পাওয়া যায়। স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের পাশের একটি স্টোররুমে এসব পণ্য রাখা হয়েছে এবং পরে হাকিমপুর রোড হয়ে দেশের বিভিন্ন এলাকায় ভ্যান বা পিকআপযোগে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
পরে বিজিবির টহল দল, উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে হিলি পোস্ট অফিস রোডের শান্তির মোড় এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে দুটি কার্টন থেকে ১১০ মিলিলিটারের ৬৪৬ বোতল ‘তনু লায়ন’ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। তবে অভিযানের সময় এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত সিরাপের বিষয়ে হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিধি অনুযায়ী উদ্ধার করা মালামাল ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ করা হবে এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট নিয়ম মেনে ধ্বংস করে নিষ্পত্তি করা হবে।
সীমান্ত এলাকায় নিষিদ্ধ পণ্য, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি। একই সঙ্গে মাদকদ্রব্য ও চোরাচালান, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।