
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা পুলিশের আয়োজনে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল, যানবাহন নিয়ন্ত্রণ, মণ্ডপকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে যাতে বিভ্রান্তি সৃষ্টি করা না যায়, সেদিকেও বিশেষ নজরদারি রাখা হয়েছে।
তিনি জানান, গুজব ও অপপ্রচার প্রতিরোধে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানোর ঘটনা নজরে এলে তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়। পূজার সময় মণ্ডপ ও আশপাশের এলাকায় জনসমাগম বাড়ায় যানজট ও জনভোগান্তি এড়াতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার জেলার সব পূজামণ্ডপকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। মণ্ডপে স্থাপিত সিসি ক্যামেরাগুলো সচল রাখা এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় তিনি বলেন, কোনো পূজামণ্ডপে বিশৃঙ্খলা, সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোল রুমে জানাতে হবে। দ্রুত তথ্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন কমিটি এবং পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা তাদের বিভিন্ন মতামত, পরামর্শ ও স্থানীয় পর্যায়ের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা তাদের বক্তব্য শোনেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, বিভিন্ন উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পুলিশ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের এ মতবিনিময়ের মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গাপূজায় লালমনিরহাট জেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।