
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় লালমনিরহাটের কালীগঞ্জে ব্যতিক্রমী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে আনসার ও ভিডিপি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এ.এস.এম. সাখাওয়াৎ হোসাইন, বিএএম, বিএএমএস-এর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা, ইউনিয়ন আনসার কমান্ডার, সহকারী ইউনিয়ন আনসার কমান্ডারসহ সঞ্জীবন প্রকল্পের বিপুলসংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রাম, পাদুর বাজার ক্লাব-সমিতি এবং ইউএনও আনসার গার্ডের আশপাশের এলাকায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৭০টি বড় চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্যহীনতার এই সময়ে আনসার-ভিডিপির এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আনসার ও ভিডিপি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় মানুষের মধ্যেও গাছ লাগানো ও পরিবেশ রক্ষার বিষয়ে আগ্রহ বাড়াবে বলে আশা করছেন আয়োজকরা।
তারা বলেন, আজকের একটি চারা আগামী দিনের ছায়া, অক্সিজেন ও নিরাপদ পরিবেশের ভিত্তি। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।