
লালমনিরহাটের মোগলহাট রেলস্টেশন থেকে ধরলা নদীর ঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে। সড়কটির উন্নয়ন সম্পন্ন হলে মোগলহাট রেলস্টেশন থেকে ধরলা নদীর ঘাট পর্যন্ত যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর ভাষ্য, সড়কটি উন্নত হলে শুধু সাধারণ মানুষের চলাচলই সহজ হবে না; কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে কৃষক ও ব্যবসায়ীরা তাঁদের পণ্য পরিবহনে দীর্ঘদিনের ভোগান্তি থেকে কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে কাজ শুরু হওয়ায় মোগলহাটবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
সড়ক উন্নয়ন কাজটি যথাযথভাবে সম্পন্ন হলে মোগলহাট এলাকার যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি স্থানীয় আর্থসামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।