
“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় পাঁচবিবি উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান। সভা সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, বিশিষ্ট ড্রাগন বাগান উদ্যোক্তা হেদায়েত হোসেন শিপলু এবং পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলীসহ অন্যরা।
বক্তারা বলেন, দেশের উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। কৃষিসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভার সভাপতি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।