
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাসহ দুটি মোটরসাইকেল, মোবাইল ফোন, সিরাপ, সিমকার্ড ও একটি বড় লোহার ছুরি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২ অক্টোবর দিবাগত রাত থেকে ৩ অক্টোবর ভোর পর্যন্ত রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর থানারহাট বিওপির বিশেষ টহল কমান্ডার সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে ৩ অক্টোবর রাত ৩টার দিকে সীমান্ত পিলার ৭৯০ এস থেকে আনুমানিক ১ হাজার ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বামুনিয়া খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ডিমলা উপজেলার পশ্চিম কালিগঞ্জ গ্রামের মো. তছলিম উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান (৪৭) এবং ডোমার উপজেলার চিলাহাটি মাস্টারপাড়া এলাকার মৃত বিটুলের ছেলে মো. গোলাপ (২৬)।
বিজিবি জানায়, আটকদের কাছ থেকে ২৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, দুই বোতল উইনকারেক্স সিরাপ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন, দুটি গ্রামীণ সিমকার্ড, একটি এফজেড-এস ভার্সন-২ মোটরসাইকেল (১৪৯ সিসি), একটি টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল (১৬০ সিসি) এবং একটি বড় লোহার ছুরি জব্দ করা হয়েছে।
জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৪ লাখ ২৩ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক প্রবেশ ও পাচার রোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চিলাহাটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের জব্দকৃত মাদক ও অন্যান্য মালামালসহ ডোমার থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি