
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে গভীর রাতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করেছে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তের পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে রামখানা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন ও টহল জোরদার করা হয়।
এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা।
এ ঘটনায় উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া শেষে নাগেশ্বরী থানায় জমা দেওয়া হয়েছে। অন্যদিকে, উদ্ধার করা সন্দেহজনক ক্রিস্টাল মেথ ‘আইস’-এর নমুনা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।