
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ ও জনবান্ধব আবাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি। টেকসই নগরায়ণ ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।