
‘প্রশিক্ষণ নিন, আত্মকর্মী হোন’—কর্মসংস্থানের পথে নতুন সম্ভাবন
‘প্রশিক্ষণ নিন, আত্মকর্মী হোন’—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট সদর উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় অপ্রাতিষ্ঠানিক যুব প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলার সাহেবপাড়া বড় মসজিদ সংলগ্ন এলাকায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন চাহিদাভিত্তিক ট্রেড অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—মৌলিক পোশাক তৈরি, গরু মোটাতাজাকরণ, মাশরুম চাষ, পাটজাত পণ্য তৈরি, হাঁস-মুরগি পালনসহ স্থানীয় চাহিদাভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ।
প্রশিক্ষণ কর্মসূচিকে ঘিরে স্থানীয় যুবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, হাতে-কলমে এসব প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে ক্ষুদ্র পরিসরে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন। একই সঙ্গে তারা নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয়ভাবে চাহিদা রয়েছে—এমন পেশাভিত্তিক প্রশিক্ষণ নিয়মিতভাবে চালু থাকলে ভবিষ্যতে আরও বেশি যুবক-যুবতী কর্মমুখী হয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। এ ধরনের প্রশিক্ষণ যুবসমাজকে আত্মনির্ভরশীল করে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।