
মানিকগঞ্জ সদর উপজেলার গুজুরি এলাকায় নিজের দরবারকে ‘দ্বিতীয় মদিনা শরিফ’ দাবি করে পোস্টার ছাপানোর ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষমা চেয়েছেন কথিত পীর শাহীন। একই সঙ্গে প্রশাসনের নির্দেশে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ছাপানো একটি পোস্টারে নিজের দরবারকে ‘দ্বিতীয় মদিনা শরিফ’ হিসেবে উল্লেখ করেন শাহীন। বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তিনি ক্ষমা চান।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মানবেন্দ্র বালো, মানিকগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার মো. আইয়ুব আলী, এসআই আবদুল্লাহ, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপস্থিত ব্যক্তিরা জানান, প্রশাসনের পক্ষ থেকে মেলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করে কোনো কার্যক্রম পরিচালনা করা হলে এর দায়ভার প্রশাসন কিংবা এলাকার কেউ নেবে না বলেও জানানো হয়।
এদিকে, ঘটনার পর এলাকায় পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।