
মাদারীপুরের একমাত্র বিনোদনকেন্দ্র শকুনি লেকের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও অবৈধ দখলমুক্ত করার দাবিতে ‘লেক বাঁচাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. শহীদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল হক, নিরাময় হাসপাতালের ব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা ও চিকিৎসক গোলাম সরোয়ার, সুজনের সভাপতি এনায়েত হোসেন এবং উদীচীর সভাপতি চিকিৎসক রেজাউল আমিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, শকুনি লেক মাদারীপুরবাসীর বিনোদন ও অবসর যাপনের অন্যতম প্রধান স্থান। কিন্তু লেকের সৌন্দর্যবর্ধিত এলাকা এবং জনসাধারণের ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলো অবৈধ দখলে চলে যাওয়ায় এর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ হুমকির মুখে পড়ছে।
তারা আরও বলেন, শকুনি লেক মাদারীপুরের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদের গুরুত্বপূর্ণ অংশ। এ ঐতিহ্য রক্ষা এবং লেকের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দখল হয়ে যাওয়া স্থানগুলো দ্রুত উদ্ধার করা জরুরি।
মানববন্ধন থেকে বক্তারা শকুনি লেককে অবৈধ দখলমুক্ত করা, লেকের সৌন্দর্য অক্ষুণ্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে প্রশাসনের কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।