
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।
সোমবার (১২ অক্টোবর) সকালে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সদর দপ্তরের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।
সভায় উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপির সহকারী পরিচালক পুলক সরকার, মেডিকেল অফিসার এম. আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।
তিনি পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দীঘিনালা উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিজিবির এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।