
চাঁদপুরের হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) পদে নির্বাচনে আগ্রহী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
১৭ অক্টোবর (শনিবার) বাদ মাগরিব উপজেলার আলগীবাজারের ঐতিহ্যবাহী আদর্শ শিশু নিকেতন মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে জনপ্রতিনিধিদের সরাসরি সম্পৃক্ত থাকতে হয়। তাই যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাঁদের সততা, দায়িত্বশীলতা, জনসেবার মানসিকতা এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় ছয়টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রত্যাশীরা নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, স্থানীয় সমস্যা এবং ভবিষ্যৎ জনপ্রতিনিধিদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি, সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারি, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলার ছয়টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রত্যাশীরা।