
নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে আবু সাঈদ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাত ৩টা ৩০ মিনিটে উপজেলার রামকৃষ্ণপুর (ভেল্লাবাড়ী) এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক আবু সাঈদ ওই এলাকার মো. সাজদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে আবু সাঈদকে আটক করা হয়। পরে তাঁর ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৬, ১৭ ও ১৯ ধারায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
শাকিব আহম্মেদ
লালপুর (নাটোর) প্রতিনিধি