
মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
UNICEF-এর RIMEN Project বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ “Upazila Level Monthly Review Workshop (Maternal, Newborn, Child, EPI)” শীর্ষক মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় মাতৃস্বাস্থ্য, নবজাতক ও শিশুসেবা এবং টিকাদান কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, সিভিল সার্জন, কুড়িগ্রাম এবং ডাঃ মোঃ মোজাম্মেল হক, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা কার্যালয়, কুড়িগ্রাম।
সভায় সভাপতিত্ব করেন ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভূরুঙ্গামারী।
কর্মশালায় আরও অংশগ্রহণ করেন আরএমও, মেডিকেল অফিসার, এসএসএন, এফডব্লিউভি, এমটি (ইপিআই), পরিসংখ্যানবিদ, এইচআই, এএইচআই, এফপিআই, এইচএসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
সভায় বিশেষভাবে আলোচনা করা হয় ইউনিসেফের RIMEN Project সম্পর্কে। এ প্রকল্পের আওতায় গর্ভবতী নারী, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মাঠপর্যায়ে গর্ভবতী মায়েদের নিয়মিত পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ গর্ভধারণ শনাক্তকরণ, স্বাস্থ্যকেন্দ্রে প্রসব নিশ্চিতকরণ এবং নবজাতকের প্রাথমিক সেবা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস, নিয়মিত টিকাদান কর্মসূচি (EPI) জোরদার, গর্ভবতী মায়েদের নিবন্ধন ও ফলোআপ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, ইউনিসেফের রিমেন প্রজেক্টসহ সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভূরুঙ্গামারীতে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে।