
লালমনিরহাট প্রতিনিধি: তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও লালমনিরহাট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি আসাদুল হাবিব দুলু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি লালমনিরহাট-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন মন্ত্রিসভায় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সম্প্রতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’-এর ব্যানারে টানা ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে দেশ-বিদেশে ব্যাপক আলোচনায় আসেন দুলু। তিস্তা নদী কেন্দ্রিক এই আন্দোলন উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিকে নতুন করে জাতীয় পর্যায়ে তুলে ধরে।
আসাদুল হাবিব দুলুর সংসদীয় ও প্রশাসনিক অভিজ্ঞতা নতুন নয়। এর আগে ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে তিনি লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় উত্তরবঙ্গের মঙ্গা নিরসন ও ত্রাণ কার্যক্রমে তার ভূমিকা প্রশংসিত হয়।
১৯৫৭ সালে লালমনিরহাটে জন্মগ্রহণ করা দুলু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি একজন শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন। লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করায় তিনি ‘অধ্যক্ষ’ নামেই সমধিক পরিচিত।
বর্তমানে তিনি বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পূর্ণ মন্ত্রী হিসেবে তার প্রত্যাবর্তন লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।