
মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (ভূরুঙ্গামারী উপজেলা) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট বিরাজ করছিল। অবশেষে সেখানে ৭ জন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে। এতে করে স্বাস্থ্যসেবায় স্বস্তি ফিরে এসেছে।
৪৮তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সাতজন সহকারী মেডিকেল অফিসার সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। ফেব্রুয়ারি মাসে ২ জন এবং মার্চ মাসে বাকি ৫ জন কর্মস্থলে এসে ইতোমধ্যে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান শুরু করেছেন। দীর্ঘদিন চিকিৎসক সংকটের পর নতুন চিকিৎসকদের যোগদানে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা হলেন—
ডা. আশরাফিয়া আক্তার (চট্টগ্রাম মেডিকেল কলেজ; নিজ জেলা টাঙ্গাইল),
ডা. মোঃ মাহমুদুল হাসান নিলয় (ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ; নিজ জেলা পাবনা),
ডা. মোঃ যোবায়ের হোসেন (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ; নিজ জেলা সিরাজগঞ্জ),
ডা. লুবনা বিনতে মোস্তফা (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ; নিজ জেলা পাবনা),
ডা. তানজীমা তাসনীম (ময়মনসিংহ মেডিকেল কলেজ; নিজ জেলা বগুড়া),
ডা. জয়নাল আবেদীন (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ; নিজ জেলা কুড়িগ্রাম) এবং
ডা. নুরেশ মাকসুদ নিশাত (ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ; নিজ জেলা লালমনিরহাট)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক স্বল্পতার কারণে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছিল। বিশেষ করে জরুরি বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা পেতে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “দীর্ঘদিন ডাক্তার না থাকায় চিকিৎসাসেবায় সংকট ছিল। বর্তমানে সাতজন সহকারী মেডিকেল অফিসার যোগদান করায় স্বাস্থ্যসেবা কার্যক্রমে গতি এসেছে। আশা করছি এখন রোগীদের আর আগের মতো ভোগান্তিতে পড়তে হবে না।”
নতুন চিকিৎসকদের যোগদানে স্থানীয়দের মধ্যেও সন্তোষ প্রকাশ দেখা গেছে।
#ভূরুঙ্গামারী #কুড়িগ্রাম #স্বাস্থ্যসেবা #মেডিকেল_অফিসার #বিসিএস #বাংলাদেশ_স্বাস্থ্য