
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ফল ও মিষ্টি উপহার দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ব্যাটালিয়নের কর্মকর্তারা।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজে হরিজন সম্প্রদায়ের অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শন করেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী। এ সময় তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের হাতে ফল ও মিষ্টি উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট ও হিলি এলাকার মোট ৬৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ১৫০ জন সদস্য নিয়মিত টহল দিচ্ছেন। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে বিজিবির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।