
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ আতশবাজি জব্দ করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
৬১ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রবেশ ঠেকাতে নিয়মিত নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ও সিঙ্গীমারী এবং পাটগ্রাম উপজেলার বাউড়া ও শ্রীরামপুর সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিজিবির টহল দল ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন মাদকদ্রব্য ও নিষিদ্ধ পণ্য জব্দ করে। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি ও পটকা।
বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১৩ হাজার ৯২০ টাকা।
সীমান্তে মাদক কারবারি ও চোরাকারবারিদের তৎপরতা রোধে ৬১ বিজিবির সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা প্রশংসনীয়। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে বলে তারা মনে করেন।
তবে এসব অভিযানে মাদক বহনকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।