
আন্তর্জাতিক গবেষণা ও প্রবন্ধ প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে বিশ্বমঞ্চে নিজের মেধার স্বাক্ষর রেখেছে জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আশিক। তার এই অর্জনে গর্বিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।
ক্ষেতলাল উপজেলার বাসিন্দা আশিক আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতা ‘ICANEWS International Research Contest’-এ বিশ্বের সেরা ১০ জনের মধ্যে ‘Award of Merit’ অর্জন করেছে। পাশাপাশি ‘Immerse Education Essay Competition’-এ ‘Merit Award’ লাভ করেছে সে। এ ছাড়া অক্সফোর্ড ও কেমব্রিজভিত্তিক সামার প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ৩০ শতাংশ স্কলারশিপ অর্জন করেছে আশিক।
তার এসব অর্জন মেধা, পরিশ্রম, অধ্যবসায় ও সৃজনশীলতার পরিচয় বহন করে। পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে আশিক যে সাফল্য অর্জন করেছে, তা স্থানীয় শিক্ষার্থী ও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
আশিক জানায়, তার এই সাফল্যের পেছনে পরিবার ও শিক্ষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের শিক্ষা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণার প্রতি সে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
আশিকের এমন অর্জনে তার পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। কালাইবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন, ভবিষ্যতেও আশিক তার মেধা ও সৃজনশীলতার মাধ্যমে দেশ-বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
জয়পুরহাটের এই শিক্ষার্থীর আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা তার পরিবার, শিক্ষাগুরু ও এলাকাবাসীর। তারা আশিকের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।